ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন



আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে জামালপুর এম এ রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর ছোট ভাই। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর মেয়ে কানাডাপ্রবাসী। মেয়ের দেশে ফেরার পর তৃতীয় বারের মতো জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment