ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু



আলমাস হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা মো. সুরুজ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন এবং দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আনোয়ার হোসেন স্থানীয় নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment