ইসলামপুরে জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠিত



জামালপুর দর্পণঃ

​জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জিয়া পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ইসলামপুর জে. জে. কে. এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিকে অনুমোদন করা হয়েছে।

​এই কমিটিতে আরও আটজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন— সিনিয়র যুগ্ম আহবায়ক ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিক মোঃ আলমাছ হোসেন আউয়াল, শিমুলতলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, চিনাডুলী ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ একাব্বর আলী, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রদর্শক মোঃ আব্দুল মমিন, শিমুলতলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ আহম্মেদ মিন্টু, বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, গুঠাইল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মমিনুল ইসলাম এবং পাঁচবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন।

আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের পাশাপাশি সদ্য অনুমোদিত এই কমিটিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবীসহ মোট ৩২ জনকে 'সম্মানিত সদস্য' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমিন বলেন, "আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে আমরা স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment