ইসলামপুর প্রেসক্লাবকে অবহিত না করেই ‘সাংবাদিক’ উল্লেখ; মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনকে ঘিরে ক্ষোভ

 


আলমাস হোসেন আওয়ালঃ

ইসলামপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সভার ব্যানারে ‘সাংবাদিক’ শব্দটি উল্লেখ থাকলেও ইসলামপুর প্রেসক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় এ অসন্তোষ দেখা দেয়।


জামালপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য  সুলতান মাহমুদ বাবু ইসলামপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


উপস্থিত সুধীজনরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এমপি সকল মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।


তবে সভার ব্যানারে ‘সাংবাদিক’ উল্লেখ থাকা সত্ত্বেও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে না জানানোয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বলেন, এ ধরনের আয়োজনে প্রেসক্লাবকে অবহিত না করা পেশাগত শিষ্টাচারের পরিপন্থী এবং এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যথাযথ সমন্বয় ও আনুষ্ঠানিক যোগাযোগের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।


সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment