আলমাস হোসেন আওয়ালঃ
রমজান মাসে হতদরিদ্র ও দুস্থ পরিবারের সেহরি ও ইফতারে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর নদীর পাড় এলাকায় চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য এ খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
এ সময় তিনি বলেন, “চর ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। রমজান মাসে এসব পরিবারের সেহরি ও ইফতারের খাবার নিশ্চিত করা দোস্ত এইডের একটি মানবিক দায়িত্ব। আমরা চাই সহায়তা যেন শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রান্তিক ও দুর্গম জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যায়।”
তিনি আরও জানান, রমজান মাসকে কেন্দ্র করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, এক লক্ষ মানুষের জন্য ইফতার আয়োজন, সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ১ কেজি মুড়ি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে ললিপপ ও বিস্কুট। প্রায় ৫২ কেজি ওজনের এই খাদ্য প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসজুড়ে সেহরি ও ইফতারের চাহিদা পূরণে কার্যকর সহায়তা প্রদান করবে বলে জানান আয়োজকরা।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা সম্রাট বাবর, আবুল কালাম আজাদ রাজন, মুজাহিদুল ইসলাম, শওকত মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মিডিয়া কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও সংশ্লিষ্ট দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণসহ দারিদ্র্য বিমোচনে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

0 $type={blogger}:
Post a Comment