ইসলামপুরে আজমদৌল্লার জবাবে নবাবের পাল্টা সংবাদ সম্মেলন



​রোকনুজ্জামান সবুজঃ 

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও মনস্তাত্ত্বিক লড়াই এবার প্রকাশ্য রূপ নিয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লার আনা সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

রবিবার (১২ জুলাই) বিকেলে পৌরশহরের ধর্মকুড়া বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লা।

​পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বক্তব্যে বলেন, "আমার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।"

​গাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,"আমার ও এমপি সাহেবের গাড়ি ডাকবাংলো ভিতরে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে আপনারা (সাংবাদিকরা) তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করুন। প্রকৃত সত্য সবার সামনে আসুক।"

​নির্বাচনী মাঠের প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম নবাব আরও দাবি করেন,তিনি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই উপজেলায় ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তাঁর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চলছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি দলীয় ঐক্য বজায় রাখতে তৃণমূলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​এদিকে, ইসলামপুর উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতার মধ্যে এই অভিযোগ ও পাল্টা-অভিযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন তৈরি হয়েছে। দলের সাধারণ নেতা-কর্মী ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে,অভ্যন্তরীণ এই কোন্দল দ্রুত নিরসন না হলে মাঠ পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে কেন্দ্রীয় বা জেলা কমিটির হস্তক্ষেপ ও তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তারা।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহমেদ বিপুল, সহ-সভাপতি জিল্লু রহমান,আহমদ আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,পার্থশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল বাবু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাঁধন, সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছাব্বির আহমেদ এবং সদস্য সচিব ফয়সাল রাব্বিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment