ইসলামপুরে সারের কালোবাজারি; অসংগতি ধরা পড়ায় দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা



রোকনুজ্জামান সবুজঃ 

কৃষকের ঘাম ঝরানো টাকার ওপর কোপ বসিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে জামালপুরের ইসলামপুরে দুই সার ডিলারকে গুনে দিতে হলো জরিমানা। 

অসাধু উপায়ে সার বিক্রি ও কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​রবিবার (৩০ আগস্ট) বিকেলে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর বাজারে এক আকস্মিক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের।

​অভিযান সূত্রে জানা যায়, বিসিআইসি ডিলার ‘মেসার্স মা ট্রেডার্স’ ও ‘মেসার্স আমজাদ ট্রেডার্স’ সরকারি নির্ধারিত তোয়াক্কা না করে চড়া দামে সার বিক্রি করছিল। শুধু তা-ই নয়, সার বিক্রির ক্যাশ মেমোর সঙ্গে রেজিস্টারের চরম গরমিল, রসিদ ছাড়া সার বিক্রি এবং গুদামের মজুদের সঙ্গে হিসাবের অসংগতি ধরা পড়ে। উপরন্তু সারের জন্য আসা সাধারণ কৃষকদের সাথে ডিলারদের অসদাচরণেরও অভিযোগ ওঠে।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের জানান, কৃষকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক মাঠে নামি। অনিয়ম ও কালোবাজারির সত্যতা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় কোনো সিন্ডিকেট বা অসাধু চক্রকে ছাড় দেওয়া হবে না; এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"

​অভিযানকালে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment