ইসলামপুরে ২১ পূজামণ্ডপে দুর্গোৎসব, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পী ও আয়োজকেরা



আলমাস হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় এবার ২১টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী, আয়োজক ও প্রশাসনের সংশ্লিষ্টরা।

উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমায় রঙের শেষ আঁচড়, আবার কোথাও চলছে অলংকার ও পোশাক পরানোর কাজ। পাশাপাশি মণ্ডপ সাজানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে।

প্রতিমাশিল্পী হৃদয় সূত্রধর বলেন, দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ শেষ করছেন তারা। নিজের হাতে তৈরি প্রতিমা মণ্ডপে স্থাপন করে ভক্তদের পূজা করতে দেখাই তাদের দীর্ঘ পরিশ্রমের সার্থকতা। কাঠ ও বাঁশের কাঠামোর ওপর খড়, মাটি, রং ও সাজসজ্জার মাধ্যমে ধাপে ধাপে প্রতিমা তৈরি করা হয়। শেষ সময়ে এসে কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক শিল্পীকেই গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।

আয়োজকেরা জানান, প্রতিমা, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে এবার ব্যয় বেড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের জন্য সরকারি সহায়তা ও নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, দুর্গাপূজা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপনের উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের বলেন, দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে।

আয়োজকদের তথ্যমতে, ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এবারের দুর্গোৎসব শেষ হবে। প্রস্তুতি শেষে ঢাকের ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠবে ইসলামপুরের পূজামণ্ডপগুলো।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment