একসময় গ্রামের পথঘাট, বিদ্যালয়ের আঙিনা, বিলের পাড় কিংবা বাড়ির আশপাশজুড়ে দেখা মিলত নানা জাতের দেশীয় গাছপালা। শিমুল, কৃষ্ণচূড়া, জারুল, কাঞ্চন, ছাতিম, আমলকী, বহেরা, হরতকীসহ অসংখ্য বৃক্ষ ছিল গ্রামীণ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। সময়ের পরিবর্তনে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। হারিয়ে যাচ্ছে দেশীয় বৃক্ষের অনেক প্রজাতি, কমে যাচ্ছে পাখি ও উপকারী জীবের বিচরণও।
এই বাস্তবতায় দেশীয় ও ঔষধি বৃক্ষ সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লোল সরকার। জনপ্রতিনিধির দায়িত্বের বাইরে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে সামাজিক দায়িত্ব হিসেবে নিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে, বিভিন্ন উন্মুক্ত স্থান ও নিজস্ব উদ্যোগে চার হাজার বৃক্ষ রোপণ ও বিতরণ করেছেন বলে জানা গেছে।
হিল্লোল সরকার স্থানীয় মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি এবং ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ উদ্যোগ’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও কাজ করছেন। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছেন না তিনি। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন। একটি গাছের পেছনে নিয়মিতভাবে প্রায় ৬’শ থেকে ৭’শ টাকা পর্যন্ত ব্যয় করছেন বলে তিনি জানিয়েছেন।
তার উদ্যোগের বিশেষ দিক হলো, দেশীয় ও ঔষধি গাছের বৈচিত্র্য সংরক্ষণ। তার রোপণ ও সংগ্রহের তালিকায় রয়েছে শিমুল, কৃষ্ণচূড়া, কনকচূড়া, হলুদ ও লাল রাধাচূড়া, নাইচি উদাল, লাল উদাল, কুরচি, রক্ত কাঞ্চন, সাদা কাঞ্চন, অর্কিড কাঞ্চন, দেবকাঞ্চন, বরুণ, ক্যাসিয়া, ডেউয়া, বুদ্ধ নারিকেল, ছাতিম, সাদা কাঠগোলাপ, ফরুস, দইগোটা, রিঠা, স্থলপদ্ম, জলপদ্ম, সোনাপাতি, জাকারান্ডা, অশোক, জারুল, মনিমালা, লাল সোনাইল, নাগলিগ্মম, নাগেশ্বর, তমাল, ট্যাবেবুইয়া, টিটুমা, বেগুনি ঝুমকা লতা, অনন্তলতা, সাদা অনন্তলতা, নীলমণি লতা, চামেলি, জুঁই, দেশি গন্ধরাজ, আমলকী, বহেরা, হরতকী, কাঠবাদাম, কাজুবাদাম, পাম, গর্জন, তেলসুর, মালতী লতা, কনকসুধা, সুলতানচাঁপা ও কাঠালি চাপাসহ বিভিন্ন প্রজাতি।
স্থানীয়দের মতে, হিল্লোল সরকারের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতিকে নতুন করে মানুষের কাছে পরিচিত করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব বৃক্ষের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা।
স্থানীয় কৃষক আবুল কাশেম (৫৬) বলেন, “হাইব্রিডের যুগে অনেক দেশীয় ও ঔষধি গাছ এখন আর আগের মতো দেখা যায় না। দেশীয় গাছ সংরক্ষণ করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ঔষধি গাছ ভবিষ্যতে মানুষের প্রয়োজনেও কাজে আসবে।”
হিল্লোল সরকার দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার এ প্রতিবেদককে বলেন, “আগের মতো মাটি, পানি, ফসল, ফলমূল ও বৃক্ষরাজিতে উপকারী পোকামাকড়, পাখি ও অন্যান্য জীবের উপস্থিতি এখন দেখা যায় না। এর প্রভাব কৃষি, মৎস্য, জলবায়ু ও প্রকৃতির ওপর পড়ছে। দেশীয় বৃক্ষরাজি বাড়ানো গেলে পাখি, উপকারী কীটপতঙ্গসহ বিভিন্ন প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় তৈরি হবে। দেশীয় গাছে পাখির বিচরণ ও কলরব প্রকৃতিকে আবারও প্রাণবন্ত করে তুলতে পারে।”
হিল্লোল সরকার পরিবেশ ভাবনার আরেকটি বড় অংশ ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ রৌমারী বিলকে ঘিরে। রুই মাছের জন্য পরিচিত এই বিলের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দেশীয় মাছের আবাসস্থল রক্ষা করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলছেন।
বিলের পানি যাতে বছরজুড়ে ধরে রাখা যায়, সে জন্য খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। পাশাপাশি বিলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটি হাইটেক পার্কসহ পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা ও রাষ্ট্রীয় পর্যায়ের পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।
বর্ষা মৌসুমে রৌমারী বিলকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ে। সেই সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলতে বিলের বিভিন্ন স্থানে জলপদ্ম, স্থলপদ্মসহ নানা ধরনের বৃক্ষ ও উদ্ভিদ রোপণের কাজ করছেন তিনি।
হিল্লোল সরকার দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার এ প্রতিবেদককে বলেন, “রৌমারী বিল এলাকায় আমার প্রায় দেড়শ বিঘা পৈতৃক জমি রয়েছে। সুনামগঞ্জের শিমুল বাগানের আদলে রৌমারী বিল এবং বিলসংলগ্ন মুক্তিসংগ্রাম জাদুঘরকে ঘিরে শিমুল ও কৃষ্ণচূড়ার বাগান তৈরির কাজ চলছে। পাশাপাশি জলপদ্ম ও স্থলপদ্মের পৃথক বাগান গড়ে তোলার কাজও চলমান।”
হিল্লোল সরকারের উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও লতাগুল্ম সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে লাল উদাল, কুরচি, রক্ত কাঞ্চন, সাদা কাঞ্চন, বরুণ, ক্যাসিয়া, ছাতিম, কাঠগোলাপ, দইগোটা, রিঠা, স্থলপদ্ম, অশোক, মনিমালা, লাল সোনাইল, নাগলিগ্মম, নাগেশ্বর, তমাল, বেগুনি ঝুমকা লতা, অনন্তলতা, নীলমণি লতা, চামেলি, জুঁই, দেশি গন্ধরাজ, কাঠবাদাম, পাম, তেলসুর, মালতী লতা, কনকসুধা, সুলতানচাঁপা ও কাঠালি চাপাসহ বিভিন্ন প্রজাতি রয়েছে।
কোনো কোনো প্রজাতির কয়েকটি করে চারা যেমন সংরক্ষণ করা হচ্ছে, আবার কোনো কোনো প্রজাতির কয়েক ডজন চারাও রোপণ ও পরিচর্যা করা হচ্ছে। ফলে এটি কেবল ব্যক্তিগত বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং বিভিন্ন দেশীয় প্রজাতিকে একসঙ্গে সংরক্ষণের একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা হিসেবে গড়ে উঠছে।
প্রকৃতি ও পরিবেশ নিয়ে তার এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে একটি আলাদা দৃষ্টান্ত তৈরি করেছে। জনপ্রতিনিধিত্বের সময়ের বাইরেও পরিবেশ, দেশীয় বৃক্ষ, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি কাজ করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হলে রৌমারী বিল ও আশপাশের এলাকাকে ঘিরে একটি সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হিল্লোল সরকার স্থানীয় এবং বর্তমান প্রজন্মের সকলকের কাছে তার এই উদ্যোগ সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ পরিবেশ রক্ষা করতে সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
0 $type={blogger}:
Post a Comment