মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে মোট ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং ১ জনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন,এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাপন সহজ করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন,সে জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পরে তিনি হিলি আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে উন্নত জাতের দুটি লিচু গাছের চারা রোপণ করেন। একই দিন হাকিমপুর সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাউশ গাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা,হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আরজেনা বেগম,উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 $type={blogger}:
Post a Comment