ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে ৩ নারীকে মারধর



আলমাস হোসেন আওয়ালঃ


জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।


মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ চিনাডুলি গ্রামের বাসিন্দা জামিল উদ্দিনের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।


অভিযোগ অনুযায়ী, একই গ্রামের রাজা ফকির ও তার সহযোগীরা অতর্কিতভাবে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নারী সদস্যদের বেধড়ক মারধর করে আহত করে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।


হামলায় জামিলা বেগম (৫৮), আজিরন বেগম (৬০) ও আসফুল বেগম (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ সময় হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৫ লাখ ৭৭ হাজার টাকা, স্বর্ণালংকার, একটি গরু ও একটি বাছুর লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া মারধরের সময় একজন নারীর কানের দুল ছিঁড়ে নেওয়া হয় এবং কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়াসহ শরীরের বিভিন্ন জায়গা যখম করে দেওয়া হয় বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন।


এ ঘটনায় ভুক্তভোগী জামিল উদ্দিন বাদী হয়ে রাজা ফকিরসহ ১১ জনকে আসামি করে বুধবার (১১ মার্চ) বিজ্ঞ সি.আর. আমলি আদালতে একটি মামলা ১(২০২৬)  দায়ের করেছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment