আলমাছ হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মোঃ জুয়েল শেখ নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত জুয়েল শেখ পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমতলী এলাকায় একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে মেলান্দহ থেকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি জুয়েল শেখের বলে শনাক্ত করেন।
মেলান্দহ থানা সূত্রে জানা যায়, নিহত জুয়েল শেখ গতকাল সোমবার (৬ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলেন এবং এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মেলান্দহ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজি জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

0 $type={blogger}:
Post a Comment