ইসলামপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

 


আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাম্পে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকেরা। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে— সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার মধ্যরাত থেকেই পাম্পের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক ভিড় জমান। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর সকালে পাম্প কর্তৃপক্ষ জানায় যে তাদের কাছে কোনো তেল নেই এবং এখনো তেলের গাড়ি আসেনি। এ কথা শোনার পর উত্তেজিত মোটরসাইকেল চালকেরা পাম্পের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।


অবরোধকারী এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু তারা সকালে এসে বলছে যে তেল নেই। এই কথা রাতেই বললে আমরা চলে যেতাম। এভাবে রাতভর অপেক্ষা করানোর মানে কী?


অন্যদিকে, যানজটে আটকে পড়া এক যাত্রী বিরক্তি প্রকাশ করে বলেন, দেশে তেলের সংকট এখন আর নতুন কিছু নয়, এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এই বিষয় নিয়ে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করে আমাদের আটকে রেখেছে, এটাও তো ঠিক নয়।"


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী জানান, "আমাদের পাম্পে তেল নেই এবং আমরা কাউকে বলিওনি যে আজ সকালে তেল দেওয়া হবে। তারা কোথা থেকে এই খবর পেল তা তারাই ভালো জানে। তেল আসার কথা থাকলেও গাড়ি এখনো আসেনি। বিষয়টি নিয়ে তারা পাম্পের সামনে যে হট্টগোল করছে, তা অন্যায় ও জুলুম ছাড়া আর কিছু নয়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানা পুলিশ। এ প্রসঙ্গে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করেছে— এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment