‎বন্ধুত্বের ২৭ বছর; ইসলামপুরে ৯৯ ব্যাচের জমকালো ঈদ পুনর্মিলনী ‎​

 


‎আলমাছ হোসেন আওয়ালঃ


​“বন্ধুত্বের ২৭ বছর, আবার মাঠে এক সাথে”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে রবিবার (২২ মার্চ) অনুষ্ঠিত হয়ে গেল এস.এস.সি ১৯৯৯ ব্যাচের এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও প্রীতি ক্রীড়া উৎসব। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বন্ধুত্বকে ঝালিয়ে নিতে রোববার ইসলামপুর মিনি স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন সাবেক শিক্ষার্থীরা।

‎​

​দিনব্যাপী এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিল বন্ধুদের মধ্যকার প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ। এক সময়ের স্কুলজীবনের খেলার সাথীরা আবারো জার্সি গায়ে সবুজ মাঠে নেমে পড়েন। বয়সের ছাপ থাকলেও খেলার মাঠে তাদের উদ্দীপনা ছিল কিশোর বেলার মতোই প্রাণবন্ত। মাঠের চারপাশ বন্ধুদের আনন্দ-উল্লাস আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে।

‎​

‎​খেলার বিরতিতে দুপুরের খাবারে ছিল জামালপুরের ঐতিহ্যবাহী ‘মিল্লি ভাত’। স্থানীয় এই বিশেষ খাবারের আয়োজনে অংশ নিয়ে বন্ধুরা হারানো দিনের আড্ডায় মেতে ওঠেন। ঐতিহ্যের এই স্বাদ আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

​বিকেলে গ্রামীণ সংস্কৃতির অন্যতম অংশ ‘হাঁড়ি ভাঙা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মজার এই খেলাটি উপস্থিত সবার মাঝে হাস্যরসের সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

​আয়োজক কমিটির সদস্যরা জানান, কর্মব্যস্ত জীবনে শৈশবের বন্ধুদের সাথে কাটানো এই সময়টুকু তাদের নতুন করে প্রাণশক্তি দিয়েছে। ২৭ বছরের এই অটুট বন্ধন আগামী দিনগুলোতেও বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment