সময়মতো মিলল না প্রণোদনার বীজ, কাজে আসছে না সরকারি সহায়তা

আলমাছ হোসেন আওয়ালঃ

বপনের মৌসুম শেষ হওয়ার পর সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ের পর এসব উপকরণ হাতে পাওয়ায় তা আবাদে কাজে লাগাতে পারছেন না জামালপুরের ইসলামপুর উপজেলার অনেক কৃষক। ফলে সরকারি সহায়তার বীজ কেউ বিক্রি করে দিচ্ছেন, আবার কেউ তা ভেঙে তেল তৈরির কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৬ হাজার কৃষককে সরিষা, বাদাম ও অড়হর চাষের জন্য বীজ ও সার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। এছাড়া বাদাম চাষের জন্য ১০ কেজি বীজসহ প্রয়োজনীয় সার এবং অড়হর চাষের জন্যও নির্ধারিত পরিমাণ বীজ ও সার বরাদ্দ রয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে ততদিনে সংশ্লিষ্ট ফসলের বপনের উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ায় উপকরণ নিতে আসা কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দেয়।

চরপুটিমারী ইউনিয়নের কৃষক হাবিজুর ও ছানোয়ার এবং চরগোয়ালিনী ইউনিয়নের কৃষক সুলতানসহ একাধিক সুবিধাভোগী জানান, এখন এসব বীজ বপনের সময় আর নেই। দেরিতে আবাদ করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন। সময়মতো বীজ ও সার পেলে তাঁরা জমিতে ঠিকমতো ফসল ফলাতে পারতেন। মৌসুম শেষে উপকরণ পাওয়ায় সরকারি প্রণোদনার প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বরাদ্দ পেতে দেরি হওয়া এবং সুবিধাভোগীদের তালিকা তৈরির কারণে প্রণোদনার উপকরণ বিতরণে বিলম্ব হয়েছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, সরকারি অর্থ ব্যয়ে দেওয়া এ সহায়তার প্রকৃত সুফল নিশ্চিত করতে হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ফসলের বপন মৌসুম শুরুর আগেই বীজ ও সার বিতরণ নিশ্চিত করতে হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment