জামালপুর দর্পণঃ
আন্তর্জাতিক অস্থিরতার অজুহাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করার অভিযোগ উঠেছে। দেশে তেলের পর্যাপ্ত মজুত থাকলেও স্থানীয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বিপাকে পড়েছেন পরিবহন চালক, মালিক এবং কৃষকরা।
স্থানীয়দের দাবি, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল এই সংকট সৃষ্টি করছে। লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজার অস্থির করে তুলেছেন। পরিকল্পিতভাবে খুচরা দোকানগুলো বন্ধ রেখে সরবরাহে কৃত্রিম বাধা সৃষ্টি করা হচ্ছে, যার ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে তেল বিক্রি করার খবরও পাওয়া গেছে।
জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ও কৃষি খাতে। তেল না পেয়ে অনেক যানবাহন রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অন্যদিকে, সেচ মৌসুমের এই সময়ে ডিজেল সংকটে কৃষিকাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।
সংকটের বিষয়ে ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার আমিন জানান, শুক্রবার দুপুর পর্যন্ত তাদের কাছে যে পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল মজুত ছিল, তা সরকারি নির্ধারিত দামেই বিক্রি করা হয়েছে। তবে সরকারি দুদিনের ছুটির কারণে নতুন করে সরবরাহ পাওয়া যায়নি। আগামী রবিবার জ্বালানি তেল সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীদের দাবি, এখনই যদি বাজার মনিটরিং জোরদার করা না হয়, তবে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রুত তেলের সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

0 $type={blogger}:
Post a Comment