আলমাছ হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। স্থানীয় বিএনপির বেশির ভাগই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে আগ্রহের কথাও শোনা যাচ্ছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর বিশ্বস্ত ও ঘনিষ্ঠজন হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাজারের শেডঘর নির্মাণ, নদীশাসন ও ডাম্পিং ব্যবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
এছাড়াও কয়েক কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত সুবিধা সম্প্রসারিত হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়েছে।
এলাকাবাসীর মতে, ধারাবাহিক এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিভিন্ন প্রকল্প স্থানীয় জনগণের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছে।
দলীয় নেতাকর্মীরা জানান, স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কার্যক্রমেও হামিদুর রহমান মলিন সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলেও তাঁরা জানান। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, জনসেবা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন হামিদুর রহমান মলিন। নিজের প্রার্থিতার বিষয়ে হামিদুর রহমান মলিন বলেন, আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন দেবে। একজন যুবদল নেতা হিসেবে বর্তমানে আমি যেভাবে কাজ করছি, দলীয় মনোনয়ন পেলে চরপুটিমারী ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।
তিনি আরও বলেন, আমার কাজ দেখে এলাকার কিছু মানুষ হয়তো ঈর্ষান্বিত হচ্ছেন। তবে এলাকাবাসীর স্বার্থে আমি বলতে চাই, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। হিংসা ও বিভেদ ভুলে এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

0 $type={blogger}:
Post a Comment