জামালপুরে বিএডিসি কর্মকর্তা কর্মচারীদের স্কেল ভেটিং সংশোধনের দাবীতে অবস্থান কর্মসূচি

 


জুয়েল রানাঃ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি'র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ ০২/০৯/২০২৬) দুপুরে শহরের বন্দেরবাড়ি বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেয়। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাকগ্রোয়ার্সের উপ-পরিচালক সঞ্জয় রায়, উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী, সহকারী হিসাব রক্ষক হেবায়দুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অর্থ মন্ত্রনালয়ের সদ্য ঘোষিত স্কেল ভেটিং এর মাধ্যমে বিভিন্ন পদের অবনমন করা হয়েছে। এ ছাড়াও নিন্মস্তরের কিছু পদ অবলুপ্ত করা হয়েছে, যা কোনভাবেই মেনে নেয়া হবেনা, তাই স্কেল ভেটিং সংশোধন করে পূর্বের নিয়মে চাকরি করার দাবি জানানোর পাশাপাশি বিএডিসির একাধিক কর্মকর্তা জানান, অর্থ বিভাগের সাম্প্রতিক এক আদেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ অধিকাংশ পদের বেতন গ্রেড এক ধাপ কমানো হয়েছে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।

কর্মকর্তাদের অভিযোগ, নতুন আদেশের ফলে দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেডের অবনমন হয়েছে। এতে তাদের পদোন্নতির সুযোগও কমে যাবে। তাদের দাবি, এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গেও সাংঘর্ষিক।

বিএডিসির কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এত দিন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ দ্বিতীয় গ্রেডের ছিল। নতুন আদেশে এসব পদ তৃতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক পদ তৃতীয় গ্রেড থেকে চতুর্থ গ্রেডে, উপপ্রধান প্রকৌশলী, যুগ্মপ্রধান ও যুগ্ম হিসাব নিয়ন্ত্রক পদ চতুর্থ গ্রেড থেকে পঞ্চম গ্রেডে এবং উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী পদ পঞ্চম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে।

কর্মকর্তারা আরো বলেন, ১৯৬১ সালে বিএডিসি প্রতিষ্ঠার পর থেকে নির্বাহী প্রকৌশলী পদটি পঞ্চম গ্রেডের ছিল। নতুন আদেশে সেটি ষষ্ঠ গ্রেড করা হয়েছে। প্রধান চিকিৎসক পদও চতুর্থ গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে বলে তাঁদের দাবি।

এ ছাড়া অর্থ বিভাগের আদেশে বিএডিসির চারটি পরিচালক পদে সরকারের যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে প্রেষণে নিয়োগের কথা বলা হয়েছে। এ সিদ্ধান্তেরও বিরোধিতা করছেন বিএডিসির কর্মকর্তারা।

তাঁদের দাবি, এর ফলে বিএডিসির নিজস্ব কর্মকর্তাদের সদস্য পরিচালকসহ উচ্চতর পদে যাওয়ার সুযোগ কার্যত বন্ধ হয়ে যাবে। অতীতে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মকর্তারা সদস্য পরিচালক এমনকি চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন বলে তাঁরা জানান।

নতুন আদেশে উচ্চতর গ্রেডে যাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত শর্ত দেয়া হয়েছে বলে অভিযোগ কর্মকর্তাদের। তাদের ভাষ্য, দ্বিতীয় গ্রেডে যাওয়ার জন্য তৃতীয় গ্রেডে পাঁচ বছর চাকরিসহ মোট ২৪ বছরের চাকরির শর্ত দেয়া হয়েছে। পঞ্চম গ্রেডে যাওয়ার ক্ষেত্রেও মোট ১৩ বছরের চাকরির শর্ত আরোপ করা হয়েছে।

কর্মকর্তাদের দাবি, জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী দ্বিতীয় গ্রেড পাওয়ার ক্ষেত্রে সাধারণভাবে ১৭ বছরের চাকরির শর্ত থাকলেও নতুন আদেশে মোট চাকরির মেয়াদ ২৪ বছর করা হয়েছে। একইভাবে পঞ্চম গ্রেডের ক্ষেত্রে প্রচলিত ১০ বছরের পরিবর্তে ১৩ বছরের শর্ত দেয়া হয়েছে।

অর্থ বিভাগের নতুন আদেশ বাতিল এবং আগের বেতন গ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবি তাদের।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment