ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সুলতান মাহমুদ বাবু বলেন, নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার ফলে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে গর্ভবতী মা, প্রসূতি, নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী শাহ্ মোঃ জুবায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহেরসহ আরো অনেকে।
স্থানীয়দের মতে, এই কেন্দ্রের কার্যক্রম চালু হওয়ায় উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

0 $type={blogger}:
Post a Comment