জামালপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই ইউএনও’র বসবাস, তবুও থেমে নেই জনসেবা



জামালপুর দর্পণ ডেস্কঃ


জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজেই রয়েছেন এক অনিশ্চিত ঝুঁকির মধ্যে। 

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষিত সরকারি বাসভবনেই বসবাস করছেন তিনি। ভবনের দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং বিভিন্ন স্থানে ঝুঁকির চিহ্ন স্পষ্ট হলেও সেখান থেকেই দিনরাত উপজেলার মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা।

স্থানীয়রা জানান সরকারি নানা সীমাবদ্ধতার মধ্যেও ইউএনও নাজমুল হুসাইন সাধারণ মানুষের সমস্যা সমাধানে সবসময় আন্তরিক। গভীর রাত কিংবা দুর্যোগ যেকোনো সময়েই তাঁকে পাওয়া যায় মানুষের পাশে। ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করেও দায়িত্ব পালনে তাঁর এই নিষ্ঠা স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।


উপজেলার বাসিন্দা কামাল হোসেন বলেন, আমরা প্রায়ই শুনি ভবনটা ঝুঁকিপূর্ণ। তারপরও স্যার এখানেই থাকেন এবং দিন-রাত মানুষের জন্য কাজ করেন। রাতে কোনো সমস্যা হলে ফোন দিলেও সাড়া পাওয়া যায়। নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি যেভাবে মানুষের পাশে আছেন, এটা সত্যিই প্রশংসার দাবিদার।

আরেক স্থানীয় বাসিন্দা জানান, অনেক কর্মকর্তা শুধু অফিস সময়েই দায়িত্ব পালন করেন। কিন্তু ইসলামপুরের ইউএনওকে রাত-বিরাতেও মাঠে দেখা যায়। ঝড়-বৃষ্টি, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।


জানা গেছে, বহু বছর আগে নির্মিত উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সেখানে বসবাস করছেন ইউএনও।

এ বিষয়ে সচেতন মহল বলছে, একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মানুষের সেবাকে প্রাধান্য দিয়ে নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যে ইসলামপুরজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের সেবাই আমার প্রথম অগ্রাধিকার। বাসভবনটি ঝুঁকিপূর্ণ হলেও উপজেলার সাধারণ মানুষের জরুরি সেবা নিশ্চিত করতে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি। দিন হোক কিংবা গভীর রাত যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকা একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব বলে আমি মনে করি।

আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন কর্মকর্তার সবচেয়ে বড় শক্তি। ইসলামপুর উপজেলার মানুষের জন্য কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment