ইসলামপুরে চোর আতঙ্কে জনজীবন বিপর্যস্ত

 



আলমাস হোসেন আওয়ালঃ


জামালপুরের ইসলামপুর উপজেলা-জুড়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌর শহরের গোয়ালের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লস্কর আলীর বাড়িতে চুরি, ২নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার মোহনের বাড়িতে চুরি এবং বোয়ালমারী গ্রামের মুকসেদ আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরচক্র হাফ-বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।


এর আগে একই গ্রামের ‘জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম’ থেকে দুটি পানি তোলার মোটর চুরির ঘটনাও ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানান স্থানীয়রা।


সোমবার (৩০ মার্চ) সকালে ধর্মকুড়া বাজারের পাশে দিনদুপুরে চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।


গোয়ালেরচর ফারাজী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক জানান, ঈদের পর পরিবারসহ গ্রামের বাড়িতে থাকার সুযোগে তার ইসলামপুর পৌর শহরের ১নং ওয়ার্ড দরিয়াবাদের বাসায় চুরি হয়। এ সময় বিদ্যালয়ের নামে প্রায় ৫০ হাজার টাকার স্বাক্ষরকৃত এফডিআর চেক ও স্বর্ণালংকার চুরি হয়ে যায়। তিনি বলেন, “চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি।


উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে চুরির প্রবণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রাতে তো বটেই, এখন দিনের বেলাতেও মানুষ নিরাপদ বোধ করছে না। দ্রুত চোরচক্রকে আইনের আওতায় না আনলে এলাকায় সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment