মোঃ আরিফুল ইসলামঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিনব কৌশলে বালু পাচারের দায়ে সালমান (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সালমান শ্রীবরদী উপজেলার খামারিয়াপাড়া এলাকার চান্দু বাদশার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নকশী এলাকায় পুরাতন টিন দিয়ে ট্রলিতে বালু মুড়িয়ে গোপনে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালিয়ে একটি ট্রলিসহ সালমানকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 $type={blogger}:
Post a Comment